স্বাস্থ্যকর ও টেকসই খাদ্য ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে তরুণ নেতৃত্ব তৈরির উদ্দেশ্যে শুরু হতে যাচ্ছে “ফুড সিস্টেমস ইয়ুথ লিডারশিপ ট্রেনিং” (FoSYLx) – কোহোর্ট ২। আগামী ২৫ থেকে ২৭ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত তিন দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মসূচিটি সম্পূর্ণ অনলাইনে অনুষ্ঠিত হবে।

১৮ থেকে ২৫ বছর বয়সী তরুণ প্রতিনিধি ও অ্যাডভোকেটরা এই প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য আবেদন করতে পারবেন। আগ্রহীদের আগামী ২১ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৫টার মধ্যে নির্ধারিত লিংকের (https://forms.gle/5maxwabNPwA9fUyF6) মাধ্যমে নিবন্ধন সম্পন্ন করতে হবে।

আয়োজক সংস্থা সূত্রে জানা যায়, বাংলাদেশে প্রতিনিয়ত লক্ষ লক্ষ মানুষ নিরাপদ, পুষ্টিকর ও পর্যাপ্ত খাদ্যের অভাবে ভুগছেন। বর্তমানে প্রায় ১৬ মিলিয়ন মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতার মুখোমুখি এবং প্রায় ১৬ লক্ষ শিশু তীব্র অপুষ্টিতে আক্রান্ত। এই বাস্তবতায় টেকসই খাদ্য ব্যবস্থা গড়ে তোলার প্রয়োজনীয়তা আগের চেয়ে অনেক বেশি জরুরি হয়ে উঠেছে।

এসডিজি-২ (ক্ষুধামুক্তি) এবং এসডিজি-১২ (দায়িত্বশীল ভোগ ও উৎপাদন) অর্জনে তরুণ সমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন আয়োজকরা। এই লক্ষ্যে “সেরাক-বাংলাদেশ” (SERAC-Bangladesh), “সান ইয়ুথ নেটওয়ার্ক বাংলাদেশ” (SUN Youth Network Bangladesh)-এর সহযোগিতায় এই প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করছে। এটি এমন এক নিবিড় প্রশিক্ষণ, যেখানে অংশগ্রহণকারীরা খাদ্য ব্যবস্থা, খাদ্য নিরাপত্তা, পুষ্টি এবং তীব্র অপুষ্টি সংক্রান্ত জ্ঞান ও ব্যবহারিক দক্ষতা অর্জন করবেন এবং নিজেদের সম্প্রদায়ে বাস্তবসম্মত পদক্ষেপ গ্রহণের সুযোগ পাবেন।

প্রশিক্ষণ থেকে অংশগ্রহণকারীরা যা পাবেন:

নেতৃত্ব, অ্যাডভোকেসি ও কমিউনিটি সম্পৃক্তকরণ দক্ষতা
খাদ্য ব্যবস্থা, খাদ্য নিরাপত্তা, পুষ্টি ও তীব্র অপুষ্টি সম্পর্কে ব্যবহারিক জ্ঞান
একটি কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট ডিজাইন ও বাস্তবায়নের হাতে-কলমে অভিজ্ঞতা
সমবয়সীদের মধ্যে সচেতনতামূলক সেশন পরিচালনার সুযোগ
সফলভাবে অ্যাকশন প্রজেক্ট সম্পন্নকারীদের জন্য সনদপত্র ও স্বীকৃতি

আয়োজকরা আশা করছেন, এই প্রশিক্ষণের মধ্য দিয়ে একটি নতুন প্রজন্মের তরুণ নেতৃত্ব গড়ে উঠবে, যারা খাদ্য ব্যবস্থার রূপান্তর, পুষ্টির উন্নয়ন এবং একটি সুস্থ, ক্ষুধামুক্ত বাংলাদেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ত/জু

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *